
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগ। শনিবার (১১ জুলাই) প্রেমবাগের বুড়োর দোকান, চেংগুটিয়া ও চাপাতলা এলাকায় জাতীয় সংসদ সদস্য গোলাম রসুল ১৫০টি পানিবন্দি অসহায় পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, চিড়া, মুড়ি, বিস্কুট, চিনি ও অন্যান্য শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করেন। তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে এসব সহায়তা পৌঁছে দেন।
একই দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বুড়োর দোকান এলাকায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে পানিবন্দি দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। দীর্ঘদিন পানিবন্দি থাকায় চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলে জানান স্থানীয়রা।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, দুর্গত মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে প্রয়োজন অনুযায়ী এ ধরনের চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়দের আশা, খাদ্য ও চিকিৎসাসেবার পাশাপাশি দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন