
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণভোটের দাবি থেকে সরকারের সরে আসা জনগণকে হতাশ ও আহত করেছে। একই সঙ্গে তিনি কর্মসংস্থান, বিদ্যুৎ সংকট ও নিত্যদিনের নাগরিক দুর্ভোগ নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন।
শনিবার বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন শপথ চত্বর মোড়ে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত "জুলাই পদযাত্রা" শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত মাসব্যাপী "দেশ গড়তে জুলাই জাগরণ" কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করা হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার এক কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ছয় মাস অতিবাহিত হলেও একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারেনি। তিনি সরকারের প্রতি দ্রুত বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশে দিন দিন লোডশেডিংয়ের মাত্রা বেড়েই চলেছে। সরকার ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়ালেও এখন পর্যন্ত বিদ্যুৎ সংকটের কার্যকর সমাধান করতে পারেনি। ফলে চলমান বিভিন্ন সংকটে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
মন্তব্য করুন