বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাজেটে কোথায় থাকবে করছাড়, কোথায় আওতা বাড়বে

কাগজ ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০১:১০ পিএম
বাজেটে কোথায় থাকবে করছাড়, কোথায় আওতা বাড়বে

আসন্ন জাতীয় বাজেটে একদিকে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন পণ্যে করছাড়ের প্রস্তাব রাখা হচ্ছে, অন্যদিকে করের আওতা বাড়াতে নেওয়া হচ্ছে বেশ কিছু কঠোর পদক্ষেপ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী করজাল সম্প্রসারণ, উদ্যোক্তাদের উৎসাহ প্রদান এবং সৃজনশীল অর্থনীতির বিকাশকে সামনে রেখে নতুন বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন।

সরকারের পরিকল্পনায় রয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর কমিয়ে মূল্যস্ফীতির চাপ কমানো, স্বাস্থ্যসেবা খাতকে আরও সাশ্রয়ী করা এবং তরুণ উদ্যোক্তা ও কনটেন্ট নির্মাতাদের জন্য বিশেষ কর সুবিধা নিশ্চিত করা।

ব্যাংক হিসাব খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক হতে পারে আসন্ন বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তাব হলো ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করা। প্রস্তাবটি কার্যকর হলে নতুন ব্যাংক হিসাব খোলার আগে গ্রাহকদের টিআইএন সনদ সংগ্রহ করতে হবে।

তবে শিক্ষার্থী, ১০ টাকার নো-ফ্রিলস অ্যাকাউন্টধারী, সরকারি ভাতাভোগী এবং পেনশনভোগীদের জন্য বিশেষ ছাড় রাখা হতে পারে।

বর্তমানে দেশে ১৭ কোটিরও বেশি ব্যাংক হিসাব রয়েছে। সরকার মূলত করদাতার সংখ্যা বাড়ানো এবং কর ব্যবস্থাকে আরও বিস্তৃত করার লক্ষ্যেই এই উদ্যোগ নিতে যাচ্ছে।

করমুক্ত আয়সীমা বাড়ছে সরকারের পূর্বঘোষণা অনুযায়ী ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়িয়ে প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হচ্ছে। তবে করপোরেট করহার অপরিবর্তিত রাখা হবে।

এদিকে ব্যাংকে জমাকৃত অর্থের ওপর আবগারি শুল্ক আরোপের ন্যূনতম সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব রয়েছে।

খুচরা ব্যবসায়ীদের ওপর নতুন অগ্রিম কর দেশের প্রায় ৭০ লাখ খুচরা ব্যবসায়ী নতুন কর ব্যবস্থার আওতায় আসতে পারেন। প্রস্তাব অনুযায়ী, পণ্য সরবরাহের ক্ষেত্রে দশমিক ২ শতাংশ হারে অগ্রিম কর কেটে রাখা হবে।

অর্থাৎ প্রতি ১ হাজার টাকার পণ্য ক্রয়ের বিপরীতে ২ টাকা অগ্রিম কর কেটে সরকারের কোষাগারে জমা দেওয়া হবে। এই কর সরবরাহকারী বা পরিবেশক প্রতিষ্ঠান আদায় করবে।

চাল, ডাল, তেল ও চিনিসহ নিত্যপণ্যে কর কমানোর উদ্যোগ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের স্বস্তি দিতে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, রসুন, আদা, মাছ, গবাদিপশু ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর উৎসে কর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে ৬০টি নিত্যপণ্যের ওপর ১ থেকে ৫ শতাংশ পর্যন্ত উৎসে কর রয়েছে। নতুন প্রস্তাবে এটি কমিয়ে দশমিক ৫ শতাংশ করা হতে পারে।

সৃজনশীল অর্থনীতির বিকাশে করছাড় তরুণদের অংশগ্রহণ বাড়াতে এবং সৃজনশীল অর্থনীতিকে শক্তিশালী করতে সংগীত ও চলচ্চিত্র খাতে উল্লেখযোগ্য করছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে।

গিটার, পিয়ানো, ভায়োলিনসহ বিভিন্ন বাদ্যযন্ত্র এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশ আমদানির ওপর বিদ্যমান ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

একই সঙ্গে উচ্চপ্রযুক্তির সিনেমাটোগ্রাফিক ক্যামেরা, প্রজেক্টর ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ আমদানির শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্যসেবা খাতে বড় স্বস্তি হৃদরোগ, কিডনি ও চক্ষু চিকিৎসার খরচ কমাতে বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের ওপর কর ও ভ্যাট প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী— হার্টের রিংয়ের ওপর ১০ শতাংশ কর প্রত্যাহার করা হতে পারে। চোখের ইন্ট্রাওকুলার লেন্সের ওপর ১০ শতাংশ ভ্যাট তুলে দেওয়া হতে পারে। ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করা হতে পারে। হেমোডায়ালাইসিস ব্লাড টিউবিং সেটের ওপর অগ্রিম করও বাতিল হতে পারে। এতে রোগীদের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্য হারে কমবে বলে আশা করা হচ্ছে।

ওষুধ শিল্পে নতুন সুবিধা দেশীয় ফার্মাসিউটিক্যাল শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করতে ওষুধ উৎপাদনের কাঁচামাল আমদানিতে নতুন কর সুবিধা দেওয়া হচ্ছে।

অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট (এপিআই) উৎপাদনের জন্য ৫১টি নতুন কাঁচামালের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব রয়েছে। পাশাপাশি ওষুধ রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে আরও ১৭টি মৌলিক কাঁচামাল রেয়াতি সুবিধার আওতায় আনা হতে পারে।

স্বর্ণের গয়না কেনায় খরচ কমবে স্বর্ণ ও স্বর্ণালংকার বিক্রির ওপর বর্তমান ৫ শতাংশ ভ্যাট তুলে দিয়ে ভরিপ্রতি নির্ধারিত ২,৫০০ টাকা ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া স্বর্ণালংকার সরবরাহের ক্ষেত্রে উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৫ শতাংশ করার পরিকল্পনা রয়েছে। ফলে গয়না কেনার মোট খরচ কমতে পারে।

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য সুখবর ডিজিটাল অর্থনীতির বিকাশে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সারদের জন্য বড় করছাড়ের ঘোষণা আসতে পারে।

তাদের সেবার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব রয়েছে।

এছাড়া স্টার্টআপ, ইনোভেশন ভেঞ্চার এবং প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান কর অব্যাহতি সুবিধাও অব্যাহত থাকবে। স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থানীয় সেবার ওপর ভ্যাট মওকুফ এবং আমদানিকৃত সেবা ও অফিস ভাড়ার ওপর ভ্যাট অব্যাহতির প্রস্তাবও রয়েছে।

ইলেকট্রিক গাড়ির দাম কমতে পারে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহ দিতে বৈদ্যুতিক গাড়ির (ইভি) ওপর শুল্ক-কর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে ইভির ওপর মোট করভার ৯৩ শতাংশ। নতুন প্রস্তাবে ২৫ হাজার ডলার পর্যন্ত মূল্যের ইভিতে করভার ৬৪ শতাংশ এবং ২৫ হাজার থেকে ৫০ হাজার ডলার মূল্যের ইভিতে ৮০ শতাংশ নির্ধারণ করা হতে পারে।

এছাড়া, ইভির অগ্রিম কর উল্লেখযোগ্যভাবে কমানো হবে। ইলেকট্রিক গাড়ির চার্জার ও চার্জিং স্টেশন আমদানিতে সব ধরনের শুল্ক-কর প্রত্যাহারের প্রস্তাব রয়েছে। ইলেকট্রিক বাস ও ট্রাক শিল্পের জন্য ২০৩১ সাল পর্যন্ত রেয়াতি সুবিধা বহাল রাখা হতে পারে। শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ইলেকট্রিক বাস আমদানিতে করমুক্ত সুবিধা ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন

আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি : ট্রাম্প

রড-সিগারেটসহ যেসব জিনিসের দাম বাড়ছে

চৌগাছায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

বাজেটে কোথায় থাকবে করছাড়, কোথায় আওতা বাড়বে

বৃহস্পতিবারই কেন বাজেট উপস্থাপন করা হয়?

ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা তলানিতে

হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা করল ইরান

যশোরে প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে স্ত্রীর কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা প্রতারণা, আটক ২

রোনালদোর তিন গোল মিস, তবুও নাইজেরিয়ার বিপক্ষে জয় পেল পর্তুগাল

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে মধ্যরাতে এক ঘরে ঢুকে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক

যশোরের কথিত সাংবাদিক নীরবসহ চার অনলাইন পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা

যশোরে মহিলালীগ নেত্রী মহুয়া ফের আটক

যশোরের গাড়িখানায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন, বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ

সংসদে অর্থমন্ত্রী, ‘সবার জন্য স্বস্তি’ নিশ্চিতের প্রত্যয়

পুলিশ সুপারের কাছে বিচার দাবি / যশোরে দুই এসআইয়ের বিরুদ্ধে ঘুষ, তদন্তে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

মণিরামপুরে নাতনীকে উত্ত্যক্তর প্রতিবাদে নানাকে হত্যার ঘটনায় দুই খুনী আটক

কালোজামের যতো গুণ

X