
যশোরে এক প্রবাসীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে তার পরিবারের কাছ থেকে অসুস্থতার কথা বলে প্রায় সাত লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
আটকরা হলেন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বসুখালী গ্রামের নজরুল ইসলাম গাজীর ছেলে আব্দুর রাজ্জাক গাজী (৩৯) এবং পশ্চিম নলতা গ্রামের আব্দুল্লাহর ছেলে আবীর হোসেন (২৫)।
ঝিকরগাছা থানায় দায়ের হওয়া সাইবার নিরাপত্তা আইনের একটি মামলার তদন্তের সূত্র ধরে বৃহস্পতিবার ভোর ৫টা ৪০ মিনিটে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারের সময় আব্দুর রাজ্জাক গাজীর কাছ থেকে নগদ ৩৫ হাজার ৬০০ টাকা, দুটি মোবাইল ফোন, একাধিক সিম কার্ড এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। অপর আসামি আবীর হোসেনের কাছ থেকেও একটি মোবাইল ফোন ও প্রতারণার কাজে ব্যবহৃত সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩১ অক্টোবর ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী বিপ্লব হোসেনের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে তার স্ত্রী রুম্পার কাছে ফোন দেয় প্রতারক চক্র। তারা জানায়, তার স্বামী মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আইসিইউতে ভর্তি রয়েছেন এবং জরুরি চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন।
প্রতারকদের কথায় বিশ্বাস করে ভুক্তভোগী নারী ও তার স্বজনরা বিভিন্ন বিকাশ ও নগদ নম্বরে ধাপে ধাপে মোট ৬ লাখ ৯০ হাজার ৪৫৫ টাকা পাঠান। পরে প্রবাসী স্বামীর সঙ্গে সরাসরি যোগাযোগ করে তারা জানতে পারেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তার কোনো দুর্ঘটনাই ঘটেনি।
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার পান ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত ঘোষ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
১০ জুন ২০২৬, ০৪:১৫ পিএম
১০ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম