
বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ও ‘ড্রিম গার্ল’ খ্যাত হেমা মালিনী দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন না। সম্প্রতি তার ৬০ বছরের বর্ণাঢ্য চলচ্চিত্রজীবন উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি অভিনয় থেকে দূরে থাকার কারণ এবং ভবিষ্যতে কোন শর্তে আবারও ক্যামেরার সামনে ফিরবেন, সে বিষয়ে খোলামেলা কথা বলেছেন।
হেমা মালিনী জানান, বর্তমান সময়ের চলচ্চিত্র নির্মাণের পরিবেশ ও কাজের ধরন অতীতের তুলনায় অনেকটাই বদলে গেছে। তার মতে, সত্তর ও আশির দশকের শুটিং সেটে শিল্পী ও কলাকুশলীদের মধ্যে আন্তরিকতা, ধৈর্য এবং পারস্পরিক সম্পর্ক ছিল অনেক গভীর। বর্তমানে প্রযুক্তিনির্ভর ও দ্রুতগতির নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না।
তিনি বলেন, অতীতের ধীরস্থির ও আন্তরিক কাজের পরিবেশই তার কাছে এখনো সবচেয়ে প্রিয়। সেই কারণেই নিয়মিত অভিনয়ে ফেরার বিষয়ে তিনি আগ্রহী নন।
তবে সিনেমার প্রতি তার ভালোবাসা একটুও কমেনি বলে জানান এই বর্ষীয়ান অভিনেত্রী। তিনি স্পষ্ট করে বলেন, শুধুমাত্র পর্দায় উপস্থিত থাকার জন্য তিনি কোনো চরিত্রে অভিনয় করবেন না। বরং এমন একটি শক্তিশালী ও অনুপ্রেরণাদায়ক চরিত্রে অভিনয় করতে চান, যা তাকে শিল্পী হিসেবে নতুন করে অনুপ্রাণিত করবে।
হেমা মালিনীর ভাষায়, “আমি এখনো সিনেমাকে ভীষণ ভালোবাসি। কিন্তু শুধু পর্দায় থাকার জন্য কোনো চরিত্র করতে চাই না। এমন একটি চরিত্র চাই, যা আমাকে সত্যিই অনুপ্রাণিত করবে। যদি মনের মতো একটি চিত্রনাট্য পাই, তাহলে অবশ্যই আবার অভিনয়ে ফিরব।”
একই সঙ্গে তিনি বর্তমান সময়ের ওটিটি প্ল্যাটফর্ম এবং নতুন প্রজন্মের নির্মাতাদের কাজের প্রশংসাও করেন। তার মতে, তারা ভিন্নধর্মী ও সৃজনশীল গল্প নিয়ে কাজ করছেন, যা ভারতীয় বিনোদন জগতকে নতুন মাত্রা দিয়েছে। যদিও এই পরিবর্তনকে তিনি ইতিবাচকভাবে দেখেন, তবুও নিজের জন্য পুরোনো দিনের চলচ্চিত্র নির্মাণের পরিবেশকেই বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ বলে মনে করেন।
মন্তব্য করুন