
বিশ্ব ফুটবলের গত দুই দশকের সবচেয়ে আলোচিত দুই নাম লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ফুটবলে অসংখ্যবার মুখোমুখি হলেও বিশ্বকাপের আসরে কখনো একে অপরের প্রতিপক্ষ হননি এই দুই কিংবদন্তি। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপের নতুন ৪৮ দলের ফরম্যাট সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
বর্তমান গ্রুপ পরিস্থিতি এবং সম্ভাব্য নকআউট ব্র্যাকেট বিশ্লেষণ করলে দেখা যায়, টুর্নামেন্টের একাধিক ধাপেই আর্জেন্টিনা ও পর্তুগালের মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে। ফলে মেসি-রোনালদো দ্বৈরথ দেখার স্বপ্ন আরও বাস্তব রূপ পাচ্ছে।
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা খেলছে ‘জে’ গ্রুপে। নিজেদের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে শেষ ৩২ নিশ্চিত করার পথে অনেকটাই এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট।
একই গ্রুপে অস্ট্রিয়ার পয়েন্ট ৩ হলেও হেড-টু-হেড ব্যবধানে এগিয়ে থাকায় আর্জেন্টিনার গ্রুপসেরা হওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল। শেষ ম্যাচে বড় কোনো অঘটন না ঘটলে শীর্ষস্থান নিয়েই নকআউট পর্বে উঠবে মেসিদের দল।
অন্যদিকে ‘কে’ গ্রুপে থাকা পর্তুগালের পরিস্থিতি কিছুটা জটিল। দুই ম্যাচ শেষে রোনালদোদের সংগ্রহ ৪ পয়েন্ট।
গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ফলাফলের ওপর নির্ভর করছে তাদের অবস্থান। পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন, রানারআপ কিংবা সেরা তৃতীয় দল হিসেবেও নকআউট পর্বে জায়গা করে নিতে পারে। ফলে নকআউট ব্র্যাকেটে তাদের অবস্থানও বিভিন্নভাবে পরিবর্তিত হতে পারে।
সবচেয়ে আলোচিত সম্ভাবনাগুলোর একটি হলো কোয়ার্টার ফাইনাল। যদি আর্জেন্টিনা ও পর্তুগাল উভয়ই নিজেদের গ্রুপে শীর্ষস্থান অর্জন করে এবং পরবর্তী দুই নকআউট ধাপ সফলভাবে অতিক্রম করে, তাহলে শেষ আটের লড়াইয়ে তাদের মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হবে। সেক্ষেত্রে ১১ জুলাই কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে বহুল প্রতীক্ষিত মেসি-রোনালদো দ্বৈরথ।
নতুন ফরম্যাটে সেরা আটটি তৃতীয় দলও নকআউট পর্বে খেলার সুযোগ পাচ্ছে। যদি আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং পর্তুগাল তৃতীয় স্থানে থেকেও সেরা তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে ওঠে, তাহলে প্রথম নকআউট ধাপ অর্থাৎ রাউন্ড অব ৩২-এই দেখা হতে পারে দুই দলের।
আরেকটি সম্ভাব্য চিত্র হলো সেমিফাইনাল। যদি পর্তুগাল গ্রুপে তৃতীয় হলেও নকআউট ব্র্যাকেটের নির্দিষ্ট অবস্থানে যায়, তাহলে দুই দলের পথ শেষ চারে গিয়ে এক হতে পারে। ফলে বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়েও দেখা যেতে পারে মেসি ও রোনালদোকে।
বিশ্বকাপের মঞ্চে মেসি ও রোনালদোর মুখোমুখি হওয়া এখনো নিশ্চিত নয়, তবে ২০২৬ বিশ্বকাপের নতুন ফরম্যাট সেই সম্ভাবনাকে আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি বাস্তব করে তুলেছে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কিংবা ফাইনাল—যে পর্যায়েই হোক, ফুটবল বিশ্বের কোটি সমর্থক অপেক্ষা করছেন ইতিহাসের অন্যতম সেরা দুই ফুটবলারের শেষ বিশ্বকাপ দ্বৈরথ দেখার জন্য।
মন্তব্য করুন