
বাগেরহাটের মোংলায় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) মোংলা শাখার দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মামুন খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ নির্বাচিত হয়েছেন। বুধবার মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বেলা ২টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা করেন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আফরোজা মেহজাবিন বন্যা। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, মোংলা শাখার মোট ভোটার ছিলেন ৫৫ জন। তাঁদের মধ্যে ৫৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ভোটদানের হার ছিল প্রায় ৯৮ শতাংশ। ফারিয়ার ১০ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতি দুই বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার সভাপতি পদে মোহাম্মদ জাহিদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শুধু সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কমিটির অন্যান্য সদস্য নির্বাচনোত্তর প্রক্রিয়ায় মনোনীত হবেন। নির্বাচিত হওয়ার পর সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত করায় সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানাই। দেশের বিভিন্ন এলাকা থেকে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভরা মোংলায় কাজ করতে এসে নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। তাঁদের পেশাগত সমস্যা ও হয়রানির বিষয়গুলো সমাধানে সংগঠন কাজ করবে। আগামী দুই বছরে সংগঠনের কার্যক্রম পরিচালনায় সকল সদস্যের সহযোগিতা কামনা করছি।”
মন্তব্য করুন
২৩ জুন ২০২৬, ০৭:৪০ পিএম
২৩ জুন ২০২৬, ০৭:৫১ পিএম
২৩ জুন ২০২৬, ০৭:৫২ পিএম