
যশোরের মণিরামপুর উপজেলার হাজরাকাটি গ্রামের সাহাপাড়া এলাকায় অবস্থিত নিউ ব্রিকস ইটভাটা বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটার কার্যক্রমের কারণে স্বাস্থ্যঝুঁকি, কৃষিজমির ক্ষতি এবং শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে—এ অভিযোগ তুলে মঙ্গলবার এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের অভিযোগ, ইটভাটার জন্য মাটি বহনকারী ট্রাক ও ভারী যানবাহনের অবিরাম চলাচল এবং বিকট শব্দে এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের ঘুম ও দৈনন্দিন জীবন মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। এছাড়া ভারী যানবাহন চলাচলের কারণে এলাকার সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।
অভিযোগ রয়েছে, ইটভাটার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া এবং উড়ন্ত ধুলাবালির কারণে স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। একই সঙ্গে ইটভাটার নিকটবর্তী হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্ষতির মুখে পড়ছে। ধুলাবালি, ধোঁয়া ও যানবাহনের শব্দের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।
স্থানীয়রা জানান, এ বিষয়ে এর আগেও একাধিকবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং পরিবেশ অধিদপ্তর বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে এলাকাবাসী মানববন্ধনের মতো কর্মসূচি পালন করেছেন।
তাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাবে এলাকার মানুষের মধ্যে দিন দিন ক্ষোভ বাড়ছে এবং তারা দ্রুত ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন।
এ বিষয়ে নিউ ব্রিকস ইটভাটার মালিক মহিদুল ইসলাম বলেন, যানবাহনের শব্দ ও ধুলাবালির কারণে কিছুটা অসুবিধা হতে পারে, তবে এর বাইরে অন্য কোনো বড় ধরনের সমস্যা হচ্ছে না। তারপরও বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন বলেন, জনসাধারণের ভোগান্তির কারণ হয় এমন কোনো কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। ইটভাটার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন