
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন জাপানকে ‘যুদ্ধবাজ রাষ্ট্রে’ পরিণত হওয়ার অভিযোগ এনেছেন এবং দেশের সামরিক সক্ষমতা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ প্রকাশিত এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কিম জং-উন দাবি করেন, জাপান বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে ধীরে ধীরে একটি শক্তিশালী সামরিক রাষ্ট্রে পরিণত হচ্ছে। তার ভাষায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর জাপানের ওপর আরোপিত সামরিক সীমাবদ্ধতাগুলো শিথিল করে দেশটি এখন প্রকাশ্যে সামরিক শক্তি বৃদ্ধি করছে।
তিনি আরও বলেন, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করছে এবং বিভিন্ন দেশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে জাপান তার দীর্ঘদিনের শান্তিবাদী নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। প্রধানমন্ত্রী সানাই টাকাইচের নেতৃত্বাধীন সরকার যুদ্ধবিমানসহ প্রাণঘাতী অস্ত্র রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা শিথিল করেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে প্রণীত জাপানের সংবিধানে সামরিক কার্যক্রম ও অস্ত্র রপ্তানির ওপর কঠোর সীমাবদ্ধতা ছিল। তবে নতুন নীতির ফলে এখন যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, নৌবাহিনীর ডেস্ট্রয়ারসহ বিভিন্ন আধুনিক সামরিক সরঞ্জাম রপ্তানির সুযোগ তৈরি হয়েছে।
মন্তব্য করুন