বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

বর্জ্যের দখলে কুমার নদ: জনস্বাস্থ্যের জন্য বাড়ছে ভয়াবহ ঝুঁকি

এম হাসান মুসা, শৈলকুপা (ঝিনাইদহ):
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৮:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার প্রাণপ্রবাহ হিসেবে পরিচিত কুমার নদ বর্তমানে ভয়াবহ দূষণের কবলে পড়ে অস্তিত্ব সংকটে ভুগছে। একসময় এলাকার মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই নদ এখন পলিথিন, গৃহস্থালি বর্জ্য, বাজারের আবর্জনা এবং চিকিৎসাবর্জ্যের স্তূপে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কার্যকর উদ্যোগের অভাবে দিন দিন পরিস্থিতির আরও অবনতি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, কুমার নদের ওপর নির্মিত বিভিন্ন সেতু ও ব্রিজ এখন বর্জ্য ফেলার অনানুষ্ঠানিক স্থানে পরিণত হয়েছে। প্রতিদিন এসব স্থান থেকে নদে ফেলা হচ্ছে পচনশীল বাজারের বর্জ্য, হোটেল-রেস্তোরাঁর উচ্ছিষ্ট, বাসাবাড়ির ময়লা এবং বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ঝুঁকিপূর্ণ চিকিৎসাবর্জ্য। ফলে একসময়কার স্বচ্ছ পানির নদটি এখন দুর্গন্ধযুক্ত ও দূষিত পানির ধারায় পরিণত হয়েছে।

স্থানীয় প্রবীণরা জানান, অতীতে এই নদের পানি ব্যবহার করে মানুষ গোসল, কাপড় ধোয়া ও গৃহস্থালির নানা কাজ করতেন। গবাদিপশুকেও নদে গোসল করানো হতো। কিন্তু বর্তমানে দূষণ ও দুর্গন্ধের কারণে নদের স্বাভাবিক ব্যবহার প্রায় বন্ধ হয়ে গেছে। বাধ্য হয়ে যারা এই পানি ব্যবহার করছেন, তাদের অনেকেই বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। বিশেষ করে চর্মরোগের প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়দের মতে, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসাবর্জ্য নদে ফেলা। ব্যবহৃত স্যালাইনের ব্যাগ, সিরিঞ্জ ও সূচ নদে জমা হয়ে থাকায় কৃষক, জেলে ও নদে নামা সাধারণ মানুষ প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। অনেকের পায়ে ব্যবহৃত সূচ ফুটে ধনুষ্টংকার (টিটেনাস), গ্যাংগ্রিনসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি তৈরি হচ্ছে। বিষয়টি নিয়ে একাধিকবার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে শৈলকুপা পৌর বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক নিমাই চন্দ্র বিশ্বাস বলেন, বিভিন্ন ক্লিনিক, হাট-বাজার, হোটেল ও বাসাবাড়ির বর্জ্য নির্বিচারে নদে ফেলা হচ্ছে। এতে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং মাঝেমধ্যে মাছ মরে ভেসে উঠছে। তিনি অভিযোগ করেন, পরিবেশ অধিদপ্তর অন্যান্য বিষয়ে অভিযান পরিচালনা করলেও নদী দূষণের মতো গুরুতর বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন। তিনি বলেন, কুমার নদের দূষিত পানি মানুষের স্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ পানি ব্যবহারের ফলে চর্মরোগ ও বিভিন্ন সংক্রমণজনিত রোগ বাড়ছে। পাশাপাশি চিকিৎসাবর্জ্যের ধারালো সূচ ও সরঞ্জাম থেকে গ্যাংগ্রিন ও টিটেনাসের মতো জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও রয়েছে।

অভিযোগের বিষয়ে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুনতাসির রহমান বলেন, কুমার নদ রক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে জনবল সংকটের কারণে নিয়মিত অভিযান পরিচালনায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। তিনি জানান, যারা নদে চিকিৎসাবর্জ্য ও অন্যান্য আবর্জনা ফেলছে, তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং শিগগিরই বিশেষ মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

শৈলকুপাবাসীর দাবি, শুধু আশ্বাস নয়, কুমার নদকে দূষণমুক্ত করতে এবং জনস্বাস্থ্য রক্ষায় অবিলম্বে কঠোর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় একসময় এলাকার জীবন-জীবিকার অন্যতম অবলম্বন এই নদ সম্পূর্ণরূপে তার প্রাণ হারাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিম জং-উন / জাপান ‘যুদ্ধবাজ রাষ্ট্রে’ রূপ নিচ্ছে

পাগলাদহ থেকে মাদ্রাসাছাত্রী অপহরণ, থানায় লিখিত অভিযোগ

স্কটল্যান্ড ম্যাচে ফিরছেন নেইমার, ব্রাজিলের নতুন ছক ফাঁস!

পাবনায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের বিশিষ্ট রোটারিয়ান ও সমাজসেবক ফজলে রাব্বী মোপাশা আর নেই

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল

রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মাগুরায় যুবদলের বিক্ষোভ মিছিল

সাদুল্লাপুরের এসিল্যান্ড জসিম উদ্দিন বদলি

আদালতের বারান্দায় মারামারি, বাদী-বিবাদীসহ ৪ জনের ৭ দিনের কারাদণ্ড

অভয়নগরে দুই দিনব্যাপী মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জ মেডিকেলে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

সুনামগঞ্জের আব্দুজ জহুর ব্রিজে স্থাপন করা হলো কালিমার পতাকা

নেহালপুরে ব্যবসা প্রতিষ্ঠানে গুলির প্রতিবাদে মানববন্ধন

মণিরামপুরে বিআরডিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মণিরামপুরে নিউ ব্রিকস ইটভাটা বন্ধের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী

বর্জ্যের দখলে কুমার নদ: জনস্বাস্থ্যের জন্য বাড়ছে ভয়াবহ ঝুঁকি

চেতনানাশক স্প্রে করে ব্যাংক কর্মকর্তার ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় যুবক আটক

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

হানুয়ার বিলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

X