
মণিরামপুর উপজেলার ৯নং ঝাঁপা ইউনিয়নের হানুয়ার বাগেরআলি বিলে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬। বুধবার (২৪ জুন) বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত ১৫টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকাল থেকেই পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এবং বিলের চারপাশে ভিড় জমায় হাজারো দর্শক।
‘হানুয়ার বাঘেরআলি যুব সংঘ’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ঘোড়ার দুরন্ত গতি ও সওয়ারদের কৌশলী নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে। প্রতিযোগিতা উপভোগ করতে বিলের চারপাশ, রাস্তার ধারে, উঁচু স্থান এমনকি গাছের ডালেও অবস্থান নেন উৎসুক মানুষ। ফলে এলাকাজুড়ে সৃষ্টি হয় এক প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ, যেখানে স্থানীয় লোকসংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির অনন্য প্রকাশ দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিন্টু। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং ঝাঁপা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ।
প্রতিযোগিতায় ‘আল্লাহর দান’ নামের ঘোড়াটি প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান লাভ করে ‘সিয়েরা ঝড়’, তৃতীয় হয় ‘বাহাদুর’, চতুর্থ স্থান পায় ‘বাঘারপাড়া’ এবং পঞ্চম হয় ‘কালাই আলমডাঙ্গা’। বিজয়ীদের যথাক্রমে ১০ হাজার, ৬ হাজার, ৪ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা নগদ পুরস্কারের পাশাপাশি ট্রফি ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি জোরদার এবং যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। স্থানীয় বাসিন্দারাও এমন উদ্যোগকে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।
মন্তব্য করুন