
ইরানের ওপর টানা ১১তম রাতের সামরিক অভিযান শেষ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামরিক অভিযান পরিচালনা কেন্দ্র, নৌ সক্ষমতা, বিমান হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক সরঞ্জাম রাখার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সেন্টকমের দাবি, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের হুমকি দেওয়ার সক্ষমতা কমানোর লক্ষ্যেই এসব স্থাপনায় হামলা চালানো হয়।
মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে শুরু হওয়া এই অভিযান প্রায় ৭৫ মিনিট স্থায়ী হয়। যুক্তরাষ্ট্রের দাবি, গত তিন মাসে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ৩০টির বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান।
এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা শুরু করে ইরান। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক মার্কিন হামলায় দেশটিতে ৫০ জন বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় ৫০০ জন আহত হয়েছেন। এদিকে সাম্প্রতিক সংঘর্ষে মার্কিন সেনাদের মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুর মতো স্থাপনাগুলোকে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু করার কথাও বলেছিলেন।
মন্তব্য করুন