
সরকার আগামী অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের লক্ষ্য অনুযায়ী আগামী বছরের অক্টোবরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করা হবে।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তথ্য উপদেষ্টা জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) প্রাথমিক রোডম্যাপ প্রস্তুত করেছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি করপোরেশন নির্বাচনের জন্য পৃথক পরিকল্পনা তৈরি করা হয়েছে।
তিনি বলেন, চলতি জুলাই মাসের শেষ দিকে এসব রোডম্যাপ চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।
ডা. জাহেদ উর রহমান জানান, আগস্টের দ্বিতীয়ার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। এরপর অক্টোবরের প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
তিনি আরও বলেন, নির্বাচন কার্যক্রম শুরু হওয়ার পরবর্তী ১০ থেকে ১২ মাসের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
এ সময় আগামী ৫ আগস্টের আগেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘এ সরকার জুলাইয়ের সরকার। কাজেই জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি কোনোভাবেই কাম্য নয়।’
তিনি আরও বলেন, ‘জুলাই নিয়ে কটূক্তি করা বা মন্তব্য করা অত্যন্ত মর্মান্তিক। তবে আইনি কাঠামো অনুযায়ী এটি অপরাধের পর্যায়ে পড়ে না। এসব মন্তব্য ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে কিনা, সেই আলোচনা চলতে পারে।’
এ সময় অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, গত জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার ব্যাপারে জনগণের অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
০৬ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম
০৬ জুলাই ২০২৬, ১০:০০ পিএম
০৬ জুলাই ২০২৬, ১০:০৩ পিএম
০৭ জুলাই ২০২৬, ০৩:২৩ এএম