
যশোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় এক নারীর বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে জামাতা পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দত্তপাড়া গ্রামের শ্রীমতি মনি মালার মেয়ের সঙ্গে প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে নড়াইল জেলার তুলারামপুর গ্রামের অশোক বিশ্বাসের ছেলে জয় বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের পর সংসারের প্রয়োজন বিবেচনায় আসবাবপত্র ও গৃহস্থালী সামগ্রী বাবদ প্রায় ৫০ হাজার টাকার জিনিসপত্র দেওয়া হয়। এছাড়া ব্যবসার উদ্দেশ্যে দোকান করার জন্য ৫০ হাজার টাকা এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে আরও প্রায় ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, প্রায় এক মাস আগে পারিবারিক সমস্যার কথা বলে জামাতা জয় বিশ্বাস শ্বশুরবাড়িতে এসে অবস্থান শুরু করেন। পরে গত ৫ জুন শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে তিনি কৌশলে ঘর থেকে কিস্তির জন্য সংরক্ষিত নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের গলার চেইন, একটি স্বর্ণের আংটি, এক জোড়া স্বর্ণের চুড়ি, আনুমানিক এক ভরি স্বর্ণালংকার, একটি রূপার চেইন ও একটি রূপার ব্রেসলেট নিয়ে পালিয়ে যান বলে অভিযোগে দাবি করা হয়েছে।
পরবর্তীতে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনেও যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চাঁচড়া ফাঁড়ির এসআই তাহমিদুল জানান, অভিযোগের কপি এখনও তার হাতে পৌঁছায়নি। কপি পাওয়ার পর তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন