
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ এবং একাডেমিক কার্যক্রমে বিদ্যমান সংকট নিরসনের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকের প্রত্যাশা জানিয়ে স্মারকলিপি দিয়েছেন কলেজের শিক্ষার্থীরা।
বুধবার বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কার্যালয়ে পৃথকভাবে এ স্মারকলিপি প্রদান করেন, যা পরবর্তীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর কাছে পাঠানো হবে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সুনামগঞ্জ মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হলেও এখনো হাসপাতাল ভবন পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। একই সঙ্গে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না থাকায় নিয়মিত পাঠদান, ক্লিনিক্যাল শিক্ষা এবং পেশাগত দক্ষতা অর্জন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তারা আরও বলেন, গত ১৫ এপ্রিল ২০২৫ তারিখে হাসপাতাল দ্রুত চালুর দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর অগ্রগতি হয়নি। সর্বশেষ টানা ১০ দিন আন্দোলন চললেও কোনো সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি।
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, মেডিকেল শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো হাসপাতালভিত্তিক ক্লিনিক্যাল শিক্ষা। বর্তমানে কলেজে ছয়টি ব্যাচের শিক্ষার্থী অধ্যয়নরত থাকলেও হাসপাতাল চালু না থাকায় তারা বাস্তব রোগীর সঙ্গে কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এতে দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস ও ব্যবহারিক প্রশিক্ষণও ব্যাহত হচ্ছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, হাসপাতাল চালু না থাকায় শুধু শিক্ষার্থীরাই নয়, সুনামগঞ্জের হাওরাঞ্চলের সাধারণ মানুষও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতাল চালু হলে একদিকে যেমন শিক্ষার্থীদের ক্লিনিক্যাল শিক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে জেলার জনগণের চিকিৎসাসেবাও সহজলভ্য হবে।
শিক্ষার্থীরা তাদের দুই দফা দাবিতে অবিলম্বে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু, সব বিভাগে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং প্রয়োজনীয় একাডেমিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।
এছাড়া সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আগামী এক কর্মদিবসের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের একটি জরুরি বৈঠকের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়।
স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীরা বলেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং নিজেদের শিক্ষার মান উন্নয়ন এবং হাওরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার আন্দোলন। দাবি বাস্তবায়নে সরকারের আন্তরিক পদক্ষেপ প্রত্যাশা করেন তারা। একই সঙ্গে দ্রুত দৃশ্যমান অগ্রগতি না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান শিক্ষার্থীরা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পঞ্চম বর্ষের শিক্ষার্থী প্রিয়াস চন্দ্র দাস ও সাইদুল ইসলাম সাকিব, চতুর্থ বর্ষের শাহপরান ভূঁইয়া, তৃতীয় বর্ষের মোহাম্মদ এহসান, দ্বিতীয় বর্ষের মোহাম্মদ নিরব ও ইমতিয়াজ আহমেদ, এবং প্রথম বর্ষের ইয়াসির শাফিন ও প্রিতম রাজবংশী প্রমুখ।
মন্তব্য করুন