
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত সোমবার পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন এবং পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজার ওপর হত্যার উদ্দেশ্যে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ। এছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ মোস্তা এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবুসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মন্তব্য করুন