
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় তিনি বাজেট বক্তৃতা শুরু করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি প্রথম জাতীয় বাজেট। একই সঙ্গে অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীরও এটি প্রথম বাজেট উপস্থাপনা।
বাজেট উপস্থাপনের আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে বাজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সংবিধান ও প্রচলিত নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাজেটে স্বাক্ষর করেন। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ব্রিফকেস হাতে সংসদ কক্ষে প্রবেশ করেন। ঐতিহ্যবাহী ওই ব্রিফকেসেই বহন করা হয় নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের সম্ভাব্য আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। দেশের উন্নয়ন কর্মকাণ্ড, অবকাঠামো বিনিয়োগ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে এই বিশাল বাজেট প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। অন্যদিকে সম্ভাব্য বাজেট ঘাটতি দাঁড়াতে পারে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আসন্ন অর্থবছরের জন্য সরকারের অর্থনৈতিক পরিকল্পনায় জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাড়ে ৬ শতাংশ নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে রেখে তা সাড়ে ৭ শতাংশে সীমাবদ্ধ রাখার লক্ষ্য নির্ধারণ করা হতে পারে।
অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং অভ্যন্তরীণ বাজার পরিস্থিতির মধ্যে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির এই লক্ষ্যমাত্রা অর্জন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
মন্তব্য করুন
১০ জুন ২০২৬, ০৬:৫৬ পিএম
১১ জুন ২০২৬, ১০:৪৪ এএম