
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য এক ফ্যাশন শো—‘ঢাকা ফুটবল ফিয়েস্তা’। ফুটবলপ্রেম ও ফ্যাশনের সমন্বয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান রাজধানীজুড়ে তৈরি করে উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স ও জার্মানিসহ বিভিন্ন দেশের জার্সি পরে র্যাম্পে হাঁটেন দেশের জনপ্রিয় মডেলরা। সাইয়েদ রুমার কোরিওগ্রাফিতে সাজানো এই ফ্যাশন শোতে ফুটে ওঠে বিশ্ব ফুটবলের বৈচিত্র্যময় সংস্কৃতি।
আলোকসজ্জা, সংগীত এবং দর্শকদের উচ্ছ্বাস মিলিয়ে পুরো অনুষ্ঠান পরিণত হয় এক পূর্ণাঙ্গ ফুটবল উৎসবে।
মডেলিংয়ে ছিলেন, সাদিয়া শাবনাজ ইমি, রাখি, আলিশা, দিলরুবা দোয়েল, অ্যাঞ্জেল ডি কস্টা, আসিফ আহমেদ প্রমুখ। ফুটবল বিশ্বকাপকে ঘিরে আয়োজিত ‘ঢাকা ফুটবল ফিয়েস্তা’য় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, গোলরক্ষক আনিসুর রহমান জিকো, ফুটবলার মোরসালিনসহ দেশের ফুটবলের বিভিন্ন প্রজন্মের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে তারা বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং একদিন বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব দেখার স্বপ্নের কথা জানান।
হাউজ ও অ্যাথলিট স্পোর্টস গিয়ারের যৌথ উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশব্যাপী ১৩টি ‘ফ্যান জোন’ তৈরির ঘোষণাও দেওয়া হয়। বিশ্বকাপ চলাকালে এসব ফ্যান জোনে বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি থাকবে ফুড স্টল, গেমিং জোন, জার্সি ফেস্ট ও নানা আয়োজন।
সব মিলিয়ে ‘ঢাকা ফুটবল ফিয়েস্তা’ শুধুমাত্র একটি ফ্যাশন শো নয়, বরং বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের এক বিশাল মিলনমেলায় পরিণত হয়। ফুটবল ও ফ্যাশনের এই ব্যতিক্রমী আয়োজন রাজধানীতে তৈরি করে এক অনন্য স্মরণীয় সন্ধ্যা।
মন্তব্য করুন
১০ জুন ২০২৬, ০৬:৫৬ পিএম
১১ জুন ২০২৬, ১০:৪৪ এএম