
কাতারের জলসীমায় সব ধরনের জাহাজ ও নৌযানের জন্য সমুদ্রপথে চলাচল আবারও স্বাভাবিকভাবে শুরু করার অনুমতি দিয়েছে দেশটির সরকার। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কাতারের পরিবহন মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, দেশটির জলসীমায় এখন থেকে সব ধরনের নৌযান চলাচল করতে পারবে। তবে সব নৌযান পরিচালনাকারীকে বিদ্যমান সামুদ্রিক আইন, বিধিমালা এবং সংশ্লিষ্ট নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
এ ছাড়া যাত্রার আগে নাবিকদের সব প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম সঙ্গে রয়েছে কি না তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সমুদ্রযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।
সংবাদ মাধ্যম আলজাজিরা বলছে, এর মাধ্যমে গত ২৯ জুন জারি করা নির্দেশনা প্রত্যাহার করা হলো। ওই নির্দেশনায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পাল তোলা নৌকা ও মাছ ধরার নৌযানের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে বাণিজ্যিক জাহাজ চলাচল তখনো নিষেধাজ্ঞার আওতার বাইরে ছিল।
নিষেধাজ্ঞা জারির সময় কাতার সরকার আনুষ্ঠানিকভাবে এর নির্দিষ্ট কারণ প্রকাশ করেনি। তবে একই সময় দেশটি জানায়, আঞ্চলিক সামরিক অভিযানের সময় ছিটকে আসা গোলার ধাতব টুকরার আঘাতে আহত হয়ে এক কাতারি নাগরিক নিহত হন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে সাময়িকভাবে কিছু নৌযানের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল বলে ধারণা করা হয়।
মন্তব্য করুন