
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ঘোষণা দিয়েছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালাতেও ইসরায়েল দ্বিধা করবে না।
ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলের পদক্ষেপের কারণে দেশটি একটি বড় ধরনের পারমাণবিক হুমকি থেকে রক্ষা পেয়েছে। তবে তিনি এ বিষয়ে অতিরিক্ত কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করেননি।
এরই মধ্যে গত ১৮ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক কার্যকর হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষর করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দুই দেশের মধ্যকার এই নতুন কাঠামোগত চুক্তির মূল উদ্দেশ্য হলো দীর্ঘ চার মাসের যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটিয়ে আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করা। এর মধ্যে শত্রুতা অবসান, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্তকরণ এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই নতুন সমঝোতা কার্যকর হওয়ার পর থেকেই ইসরায়েল এর বিরোধিতা করে আসছে। ইসরায়েলি সরকারের দাবি, ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত হুমকি থেকেই যাবে।
এ কারণে ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করে বলা হয়েছে, প্রয়োজন মনে করলে তারা এককভাবেও ইরানের বিরুদ্ধে বিমান হামলা বা সামরিক অভিযান পরিচালনা করতে প্রস্তুত রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
মন্তব্য করুন