
ইউরোপজুড়ে দাবানল ভয়াবহ রূপ নেওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন। গত ২৪ জুলাই দাবানলকে কেন্দ্র করে প্রথমবারের মতো জরুরি অবস্থা ঘোষণা করে দেশটির সরকার। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনে রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় ছড়িয়ে পড়া দাবানলের কারণে বিভিন্ন শহর থেকে ১০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মাদ্রিদের পার্শ্ববর্তী আভিলা প্রদেশে তিনটি বড় দাবানল ছড়িয়ে পড়ার পর সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে। এর ফলে পরিস্থিতি মোকাবিলার সমন্বয়ের দায়িত্ব আঞ্চলিক প্রশাসনের পরিবর্তে কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত হয়েছে। দাবানল মোকাবিলায় স্পেনে এটিই প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একসঙ্গে একাধিক স্থানে আগুন ছড়িয়ে পড়া, প্রতিকূল আবহাওয়া এবং বিভিন্ন সরকারি সংস্থার কাছ থেকে ব্যাপক সম্পদ ও জনবল সংগ্রহ জরুরি হয়ে পড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আভিলা প্রদেশের নাভালুয়েঙ্গাশহরে বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিনির্বাপণ হেলিকপ্টারগুলোকে নদী থেকে পানি সংগ্রহ করতে দেখা যায়। ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশে মাস্ক পরে সেই দৃশ্য দেখছিলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা হাভিয়ের মার্তিন রয়টার্সকে বলেন, ‘আমি ৩৬ বছর ধরে এখানে বাস করছি। এমন ভয়াবহ পরিস্থিতি আগে কখনও দেখিনি। ভেবেছিলাম গত রাতেই আগুন নিয়ন্ত্রণে আসবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।’ স্পেনের কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় ২৭০ জনের বেশি জরুরি সেবাকর্মী, ৪০টি স্থল ইউনিট এবং সামরিক জরুরি ইউনিটের বিশেষ দল মোতায়েন করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় ফরেস্ট ফায়ার ইনফরমেশন সার্ভিস-এর তথ্যানুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত স্পেনে ৩৫০টিরও বেশি দাবানল ঘটেছে। ২০২৫ সালে দেশটিতে দাবানলে রেকর্ড পরিমাণ ভূমি পুড়ে গিয়েছিল।
মন্তব্য করুন