
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে পাউরুটির প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের প্রতিবাদে এবং অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ধোপাডাঙ্গা নতুন বাজার এলাকায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কে এই কর্মসূচি পালিত হয়। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে ধোপাডাঙ্গা আশার আলো বিদ্যাপীঠের অধ্যক্ষ মাহবুবুর রহমান, এলাকাবাসী জাভেদ আলী, জাহিদ হাসান জিল্লু এবং ভুক্তভোগী শিশুর পিতা উজ্জল মিয়াসহ অন্যান্যরা বক্তব্য দেন। পরে নতুন বাজার এলাকায় ঝাড়ু হাতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বক্তারা জানান, গত ২১ জুলাই দক্ষিণ রাজিবপুর গ্রামের মনতাজ আলীর ছেলে মো. রাজ্জাক মিয়া (৪০) পাউরুটি দেওয়ার লোভ দেখিয়ে ৭ বছর বয়সী ওই শিশুকে তার বেকারির কারখানার ভেতরে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করে। এ সময় শিশুটির আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হলে অভিযুক্ত আব্দুর রাজ্জাক পালিয়ে যায়।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ গত সাত দিনেও অভিযুক্ত আব্দুর রাজ্জাককে গ্রেফতারে সক্ষম হয়নি। তারা দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন