
উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলের বিভিন্ন স্থানে একের পর এক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এরবিল, সোরান ও খালিফানসহ একাধিক এলাকায় বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিরাপত্তা সূত্র জানায়, হামলার সময় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে এরবিলের আকাশে একটি ড্রোন ভূপাতিত করে। একই সঙ্গে ইরান সীমান্তঘেঁষা সোরান সীমান্ত জেলায় আরও তিনটি ড্রোন গুলি করে ধ্বংস করা হয়।
এ পর্যন্ত হামলায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে পুরো ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এর আগে, গত ১৭ জুলাই ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকার (কেআরজি) তাদের ভূখণ্ডে ইরানের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এসব আক্রমণ বন্ধের আহ্বান জানিয়েছিল।
দীর্ঘদিন ধরেই ইরান এরবিল ও সুলাইমানিয়ায় অবস্থানরত বিরোধী কুর্দি গোষ্ঠীর ঘাঁটি, যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা এবং এরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেটকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
সম্প্রতি সুলাইমানিয়ায় ইরানের সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত কুর্দি বিরোধী দল কোমালা রেভোলিউশনারি টয়লার্স অর্গানাইজেশনের এক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় দলটির আট সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।
সূত্র: আনাদোলু এজেন্সি
মন্তব্য করুন