
পুলিশের স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহের অভিযোগে যশোর পুলিশ হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন এক পুলিশ সদস্য নিজেই। আটক রাকিবুল যশোর সদর উপজেলার ইছালী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই ডিবি পুলিশের এক সদস্য তার স্ত্রীকে নিয়ে পুলিশ হাসপাতালে চিকিৎসকের কাছে যান। চিকিৎসক রোগীকে দেখে সিবিসি ও টিএসএইচ পরীক্ষা করার পরামর্শ দেন। এরপর হাসপাতালের ল্যাবে গেলে ল্যাব টেকনিশিয়ান রাকিবুল ইসলাম টিএসএইচ পরীক্ষা বাইরে থেকে করানোর কথা বলে পুলিশ সদস্যর কাছ থেকে ৫০০ টাকা নেন। পরে তিনি সিবিসি পরীক্ষার রিপোর্ট পুলিশ হাসপাতালের প্যাডে এবং টিএসএইচ পরীক্ষার রিপোর্ট কুইন্স হাসপাতালের প্যাডে সরবরাহ করেন। ওই রিপোর্ট অনুযায়ী চিকিৎসকের পরামর্শে রোগীকে ওষুধ সেবন করানো হয়। কিন্তু পরদিন সন্ধ্যায় রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় পরীক্ষা করানোর জন্য কুইন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সার্ভারে রিপোর্টটির কোনো তথ্য খুঁজে না পেয়ে সেটিকে জাল বলে নিশ্চিত করে।
এ ঘটনায় ওই পুলিশ সদস্য বিষয়টি তাৎক্ষণিকভাবে তার ইউনিট ইনচার্জকে অবহিত করেন। পরে অনুসন্ধানে তিনি জানতে পারেন, রাকিবুল ইসলাম পূর্বে কুইন্স হাসপাতালে কর্মরত ছিলেন এবং জালিয়াতির অভিযোগে সেখান থেকে চাকরিচ্যুত হন। ঘটনার পর ওই পুলিশ সদস্য বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্তে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই দেবব্রত ঘোষ অভিযান চালিয়ে রাকিবুল ইসলামকে আটক করেন। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মন্তব্য করুন