
মাগুরায় অনলাইন জুয়া বিরোধী বিশেষ অভিযানে চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ঢাকা রোড এলাকার সৈকত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এর ১৫/১৬ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আটকরা হলেন— স্বাধীন (২৫), পিতা সাগর হোসেন; মিঠুন শিকদার (২১), পিতা শরিফুল শিকদার, উভয়ের বাড়ি বরুনাতৈল, মাগুরা; তানভীর (২২), পিতা আলম বিশ্বাস, গ্রাম পারলা; এবং ইসমাইল হোসেন (২২), পিতা ইমরান হোসেন, গ্রাম পারনানদুয়ালী।
অভিযানে তাদের কাছ থেকে চারটি বিভিন্ন মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়। মোবাইল ফোনে CV66, BDT88, CK44, TK11, KKFB-সহ বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া যায়।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার খাইরুল হাসানের তত্ত্বাবধানে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
মন্তব্য করুন