
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর মাত্র একদিন পরই আবার মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম কমেছে ১ হাজার ৫১৬ টাকা। ফলে ২২ ক্যারেট হলমার্ক করা এক ভরি সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৮৫৮ টাকা।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সুপারিশের ভিত্তিতে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ১৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
অন্যদিকে, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬০৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। সোনা ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা অনুযায়ী মেকিং চার্জ বা মজুরি পৃথকভাবে প্রযোজ্য হবে।
মন্তব্য করুন