
সঞ্চয়পত্র বিক্রির জন্য অনুমোদিত তালিকাভুক্ত ব্যাংক হওয়া সত্ত্বেও গ্রাহকদের বিভিন্ন উপায়ে সঞ্চয়পত্রে বিনিয়োগে নিরুৎসাহিত করার অভিযোগ পাওয়ায় দেশের সব তফসিলি ব্যাংককে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সঞ্চয়পত্র বিক্রি ও সংশ্লিষ্ট সেবা কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (ডিএমডি) থেকে জারি করা একটি সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।
ডিএমডি সার্কুলার লেটার নং-০৯/২০২৬-এর মাধ্যমে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে নির্দেশনাপত্র পাঠানো হয়েছে।
সার্কুলারে উল্লেখ করা হয়, সম্প্রতি বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, তালিকাভুক্ত তফসিলি ব্যাংকগুলো সঞ্চয়পত্র বিক্রির দায়িত্বে থাকলেও নানা প্রশাসনিক ও প্রক্রিয়াগত জটিলতার মাধ্যমে গ্রাহকদের সঞ্চয়পত্রে বিনিয়োগে নিরুৎসাহিত করছে।
সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭-এর অনুচ্ছেদ নং-৩-এর নির্দেশনা অনুযায়ী, সঞ্চয়পত্রের ইস্যু অফিস হিসেবে বিনিয়োগকারীদের কাছে সঞ্চয়পত্র বিক্রিতে সর্বাত্মক সহযোগিতা প্রদান এবং সেবার মান নিশ্চিত করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
এ ছাড়া শাখাসমূহের সঞ্চয়পত্র সংক্রান্ত কার্যক্রম নিয়মিত তদারকি করা, গ্রাহকদের তাৎক্ষণিক অভিযোগ গ্রহণের প্রক্রিয়া শাখার দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক ইস্তেকমাল হোসেন স্বাক্ষরিত এই নির্দেশনায় দেশের সব তফসিলি ব্যাংককে সঞ্চয়পত্র সেবা কার্যকরভাবে নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
মন্তব্য করুন