
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর মাঠে ফিরলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। আর তার প্রত্যাবর্তনের ম্যাচেই আলো ছড়ালেন ভিনিসিয়ুস জুনিয়র। দুই তারকার দুর্দান্ত সমন্বয়ে স্কটল্যান্ডকে ৩-০ গোলের ব্যবধানে সহজেই পরাজিত করে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
তবে দলের এমন দাপুটে পারফরম্যান্সের পরও ভক্তদের অতিরিক্ত উচ্ছ্বসিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।
বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। তবে এরপর টানা দুই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে গ্রুপ সেরা হিসেবে শেষ করেছে সেলেসাওরা।
আনচেলত্তির মতে, দল এখন ক্রমেই একটি পরিপূর্ণ ও সংহত ইউনিটে পরিণত হচ্ছে, যা নকআউট পর্বের আগে ইতিবাচক বার্তা দিচ্ছে।
ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, আমরা এখন দল হিসেবে খেলছি, এটাই আমাদের লক্ষ্য ছিল। তবে আমরা নিখুঁত নই, কিছু জায়গায় এখনও উন্নতির প্রয়োজন আছে, বিশেষ করে বল দখলে থাকা অবস্থায় আমাদের আরও দ্রুত পাসিং করতে হবে। প্রথম ম্যাচের তুলনায় দলের এই উন্নতি দেখে আমি খুশি। নকআউট পর্বে যাওয়ার আগে রক্ষণ ও মাঝমাঠে এই সংহতি ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাউন্ড অব ৩২ বা শেষ ৩২-এর ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে গ্রুপ ‘এফ’-এর রানার্স-আপ দলের। যেখানে ল্যাটিন পরাশক্তিদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস, জাপান অথবা সুইডেন।
ব্রাজিলের এই দুর্দান্ত ফর্মে বিস্বজুড়েই ভক্তদের মাঝে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা নিয়ে সাধারণ জনগণের উদ্দেশ্যে হাসিমুখে আনচেলত্তির সংক্ষিপ্ত বার্তা, "সবাই শান্ত থাকুন।"
মন্তব্য করুন