
ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই জমে উঠেছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরে দারুণ পারফরম্যান্স করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে দুটি জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল, যা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের সর্বোচ্চ জয়ের রেকর্ড।
সেমিফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশের সামনে এখন দুটি কঠিন চ্যালেঞ্জ—ভারত ও দক্ষিণ আফ্রিকা। শেষ দুই ম্যাচে জয় পেলে সরাসরি শেষ চারে জায়গা নিশ্চিত হবে টাইগ্রেসদের। যদিও কাজটি সহজ নয়, তবুও আত্মবিশ্বাস নিয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
তবে ম্যাচ শুরুর আগেই বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ভারতীয় শিবির। ভারতের তারকা ওপেনার শেফালি ভার্মা জানিয়েছেন, প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে দেখছে না তাদের দল।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে শেফালি বলেন, সব দলই নিজেদের সেরাটা দিতে বিশ্বকাপে এসেছে। তাই কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখার সুযোগ নেই।
শেফালি ভার্মা বলেন, আপনি কোনো দলকেই হালকাভাবে নিতে পারবেন না। তারাও নিজেদের সেরাটা দেখাতে এসেছে। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। সেমিফাইনালে যেতে আমাদের দুটি ম্যাচ জিততে হবে। তবে আপাতত আমাদের পুরো মনোযোগ বাংলাদেশের বিপক্ষে ম্যাচে। নিজেদের সেরা ক্রিকেট খেলেই আমরা জয় তুলে নিতে চাই।
মন্তব্য করুন