
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ব্যাপক প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সংস্থাটির প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, এই ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখের মধ্যে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে এখন পর্যন্ত দেশটির সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক হতাহত কিংবা আহতের সংখ্যা প্রকাশ করেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্রথমে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ক্যারিবীয় উপকূলবর্তী মোরন এলাকার পশ্চিমাঞ্চলে।
প্রথম ভূমিকম্পের মাত্র এক মিনিট পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। পরপর দুটি বড় মাত্রার কম্পন দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করে।
ভূমিকম্পের ফলে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। কম্পনের তীব্রতায় আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় ও খোলা স্থানে আশ্রয় নেয়।
উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ শুরু করেছে। তবে যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর ক্ষতির কারণে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও স্পষ্ট নয়।
ভেনেজুয়েলার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে। আগামী কয়েক ঘণ্টা ও দিনের মধ্যে ক্ষয়ক্ষতির বিস্তারিত চিত্র এবং সম্ভাব্য হতাহতের সংখ্যা সম্পর্কে আরও তথ্য প্রকাশ করা হতে পারে।
মন্তব্য করুন