
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ‘পিংক বাস সার্ভিস’ চালুর ঘোষণা দিয়েছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নারী যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ ঘোষণা দেন।
অর্থমন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবী নারীদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা ও যৌন হয়রানির বিষয়ে সরকার ‘শূন্য সহনশীলতা’ নীতি বাস্তবায়ন করবে। একই সঙ্গে তাদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত সুবিধা আরও সম্প্রসারণ করা হবে।
পিংক বাস সার্ভিস সম্পর্কে তিনি জানান, সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত এবং নারীদের ব্যবস্থাপনায় এই বিশেষ বাস সার্ভিস চালু করা হবে।
অর্থমন্ত্রীর এ ঘোষণার পর সংসদে উপস্থিত নারী সংসদ সদস্যরা হাততালি দিয়ে উদ্যোগটিকে স্বাগত জানান।
মন্তব্য করুন