
যশোরের পাগলাদাহ পূর্বপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে হামলা, মারধর, ছিনতাই ও শ্লীলতাহানির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন শহীদ ও তার সহযোগী আসাদ। শহীদকে আওয়ামী লীগের ক্যাডারখ্যাত হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক শহীদ পাগলাদাহ গ্রামের মোজাহারের ছেলে এবং আসাদ একই গ্রামের মৃত আফজালের ছেলে। মামলার অপর আসামিরা হলেন ওই গ্রামের আজাদ, মাহাবুর, আফদার, ইনামুল ও শাহাদৎ।
মামলার বাদী শরিফুল ইসলাম অভিযোগ করেন, গত ১৯ মে রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয় জাহিদুলের চায়ের দোকানের সামনে তাকে দেখতে পেয়ে শহীদের নেতৃত্বে অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
তিনি আরও অভিযোগ করেন, তাকে রক্ষা করতে গেলে তার মা সাহিদা বেগম ও বোন রিনা খাতুনও হামলায় আহত হন। এ সময় তার কাছে থাকা ১০ হাজার টাকা নগদ এবং ১৭ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তার বোনের শ্লীলতাহানির অভিযোগও আনা হয়েছে।
পরে স্থানীয়রা আহত শরিফুল ইসলামকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সুস্থ হয়ে তিনি গত ১ জুন কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে পাগলাদাহ গ্রামে অভিযান চালিয়ে শহীদ ও আসাদকে আটক করা হয়।
মন্তব্য করুন