
গাজায় পরিচালিত এক বিমান হামলায় হামাসের শীর্ষস্থানীয় এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নিহত কমান্ডারের নাম ইয়াহইয়া সাঈদ মোহাম্মদ হামদান। তিনি হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের নুখবা ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ইসরায়েলের দাবি অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর দেশটির রেইম এলাকায় চালানো হামলার নেতৃত্বদানকারী ব্যক্তিদের একজন ছিলেন হামদান।
আইডিএফ আরও জানায়, দক্ষিণ গাজায় বৃহস্পতিবার পরিচালিত একটি ‘নির্ভুল’ বিমান হামলায় তাকে লক্ষ্যবস্তু করা হয় এবং ওই অভিযানে তিনি নিহত হন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, হামদান ওই এলাকায় অভিযান পরিচালনাকারী ইসরায়েলি সেনাদের জন্য তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিলেন। তবে হামাসের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য বা ইসরায়েলের দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন